রূপকথাটা সামলে রেখো
একটা ছেলে ঘুমের ভেতর
করুণ বাঁশি শুনতে পেল।
একটা মেয়ে রূপকথার এক
পরীর ডাকে কাজল চোখে নাইতে গেল।
তারপরে এক বুড়ো বুড়ি
শ্যাওলা ঘেঁটে বুজল আঁখি
কে সেই বুড়ো? কে সেই
বুড়ি? ভাবতে থাকি ভাবতে থাকি...
রূপকথারও পাকলো যে কেশ
সেই ছেলেটা সেই মেয়েটাই
বুড়ো বুড়ি, মানিয়েছে বেশ।
রইল পড়ে বাঁশের বাঁশি,
রইল পড়ে সিক্ত বসন
আমায় তুমি ডাকতে গিয়ে ভুল
করো না ওদের মতন
এখন যদি দুয়ার খুলে ভাঙা
চাঁদের টুকরো দেখ
জেনো ওরাই ঘুমিয়ে আছে,
রূপকথাটা সামলে রেখো।