Saturday, 25 March 2017

যুদ্ধ
অস্ত্র অস্ত্র যুদ্ধ লড়ে
অস্ত্র শেষে করল সাবাড়
একটা দিদি রাখল তুলে ভাইয়ের জন্য নিজের খাবার।
আয় খাবি আয় ভীষণ খিদে, ভাত পচে যায় ঘুম আসেনা
কলঙ্ক সব হচ্ছে জড়ো, খুন্‌খুনে মা আর কাশে না
কাশবি না তুই, থাক শুয়ে থাক, যে যার লড়াই লড়ুক একা
অনেক চাঁদের রক্ত মুখে সূয্যি হঠাৎ দিচ্ছে দেখা।
দুই জোয়ানের কথকথা, দুই সমাজের মুড়োর গাড়ি
দুই নাবিকের জাহাজ ভাসে, বানে যেমন ভাসছে হাঁড়ি...
আমার ঘরে যুদ্ধ বাধে
যুদ্ধ খতম, যুদ্ধ বেহাত
ছিনিয়ে আনতে যাচ্ছি যুদ্ধ
কবিতা পথে রুখল নেহাৎ।
“এই কবিতা এইদিকে আয়
এমন হাওয়ায় কই ছিলি তুই?
এবার যাব তোদের বাড়ি
আয় একাকার দুইজনে শুই।”
পাশের ঘরে আগুন আগুন
জ্বলছে ছেলে, জ্বলল মেয়ে
জ্বলতে জ্বলতে লাগছে লড়াই
যুদ্ধ ওদের বসছে পেয়ে।
এক ভগবান, এক শয়তান
যাচ্ছে ছুটে কেউ তো বাঁচুক
কেউ তো তাদের মাথায় তুলে
তাক ধিনাধিন দারুণ নাচুক।
দেয়ালে রস গড়িয়ে পড়ে
সূয্যি গলে রাত্রি নামে
স্পর্শে এবার বিচার কর
কে কার ডাঁয়ে, কে কার বামে।

4 comments: